ছোটভাই প্রসূন বিশ্বাস মিঠুর বিয়ে দিলেন চিত্রনায়িকা ও নির্মাতা অরুণা বিশ্বাস। গত ২৯ জুলাই জামালপুরের শিক্ষিকা ববি সাহার সঙ্গে ভাইয়ের বিয়ে দেন তিনি।
৪ আগস্ট মিঠু ও ববির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় রাজধানীর উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে।
নব দম্পতিকে দোয়া করতে উপস্থিত হয়েছিলেন জুয়েল আইচ, ওমর সানী, তমালিকা কর্ম্মকার, নেহা, মাসুদ মহিউদ্দিন, সকাল আহমেদসহ আরো অনেকে।
অরুণা বিশ্বাস বলেন, ববির বাবা ভারতেশ্বরী হোমসে আমার শিক্ষক ছিলেন। তাই ব্যক্তিগতভাবে ববিকে আমার বেশ ভালোভাবেই জানা। মিঠু ববিকে পেয়ে দারুণ খুশী। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা সুখী হয়, ভালো থাকে।
প্রসূন বিশ্বাস মিঠু একজন নাট্যনির্মাতা। তবে বেশ কিছুদিন ধরেই কানাডায় অবস্থান করার কারণে বর্তমানে নির্মাণ কাজ থেকে দূরে আছেন। মিঠু শিগগিরই তার স্ত্রীকে নিয়ে কানাডায় পাড়ি জমাবেন।
এদিকে অরুণা বিশ্বাস বেশ কিছুদিন কানাডায় ছিলেন। আবারো তিনি তার পেশাগত কাজে ব্যস্ত হয়ে উঠেছেন। তার অভিনীত ধারাবাহিক ‘পরম্পরা’ ও ‘জীবনের অলিগলি’ দুটি ভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
বিবার্তা/অভি/কাফী