প্রতি ঈদেই বেশ কয়েকটি বিশেষ বিশেষ নাটক নিয়ে দর্শকের মাঝে হাজির হন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তবে এবারের ঈদে সেই চিত্রটা ভিন্ন। মাত্র একটি ঈদ ধারাবাহিক নাটক নিয়েই এবার দর্শকের সামনে হাজির হচ্ছেন হাসান জাহাঙ্গীর। তার নিজের রচনা ও পরিচালনায় তিনি নির্মাণ করেছেন সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘প্রাপ্তি’।
এতে হাসান জাহাঙ্গীরের বিপরীতে অভিনয় করেছেন মৌনিতা খান ইশানা। এরইমধ্যে এশিয়ান টিভিতে নাটকটির প্রোমো প্রচার হচ্ছে। আসছে ঈদের দিন থেকে টানা সাতদিন রাত ১০.২০ মিনিটে নাটকটি প্রচার হবে।
নাটকটি সম্পর্কে হাসান জাহাঙ্গীর বলেন, ‘মানুষের জীবনে চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। জীবনের প্রাপ্তিগুলো নিয়েই আমাদের ঈদ ধারাবাহিকের গল্প। নাটকটিতে ইশানা অসাধারণ অভিনয় করেছেন। আশা করি দর্শকের খুব ভালো লাগবে নাটকটি।’
এতে অভিনয় প্রসঙ্গে ইশানা বলেন, ‘ঈদ এই ধারাবাহিকের স্টোরি টেলিংটা ভালো লেগেছে আমার কাছে। দর্শকের কাছে এই নাটকের মধ্যদিয়ে কিছু ম্যাসেজও পৌঁছাবে যা দর্শকের অনুভূতিতে, আবেগে বিশেষভাবে প্রভাব ফেলবে। হাসান ভাইয়ের নাটক নির্মাণে এখন বেশ ভালো করছেন। অভিনেতা হিসেবেও একই রকম। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’
এদিকে হাসান জাহাঙ্গীর তার নতুন ধারাবাহিক নাটক নির্মাণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে ইশানা এবারের ঈদে শাহজাদা মামুন, মাবরুর রশীদ বান্নাহসহ বেশ কয়েক জন নির্মাতার নাটকে অভিনয় করেছেন।
বিবার্তা/অভি/রয়েল